হাতিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের কথা বলে ডেকে নিয়ে এক নারীকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বুধবার (১১ মার্চ) বিকালে প্রথমে হাতিয়া থানায় মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগী নারী। পরে রাতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই নারী তিন সন্তানের জননী। তার দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে তিন বিয়ে হয়েছিল। প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। এরপরের দুটি বিয়ে টেকেনি। সর্বশেষ নলচিরা ইউনিয়নের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। যার সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি বিয়ে করার কথা বলে উপজেলার আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নলচিরা এলাকায় নিয়ে যায়। সেখানে নেওয়ার পর নারীর পরিচিত ব্যক্তিসহ তিন জন তাকে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের নাম-পরিচয় তিনি পুলিশকে দিয়েছেন। অন্য দুজনের নাম-পরিচয় জানাতে পারেননি।

ওসি কবির হোসেন বলেন, ‌‘ওই নারীর প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আজ বিকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ গুরুত্বের সঙ্গে অভিযোগ তদন্ত করছে। অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার লক্ষ্যে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’