স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার সরকারি এক আদেশের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। এই তালিকায় নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ।
সরকারের এ সিদ্ধান্তের ফলে নোয়াখালীসহ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করতে এবং উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক তদারকি নিশ্চিত করতেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর মো. হারুনুর রশিদ আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমার দলের নেতাকর্মীসহ জেলাবাসীর দোয়া কামনা করছি। সবার সহায়তায় নোয়াখালী জেলা পরিষদকে সত্যিকার অর্থে একটি জনকল্যাণমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’