চাঁদপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধভাবে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বি।
তিনি জানান, তারা নিয়মিত পদ্মা ডিপো থেকে তেল নিয়ে তা সঠিকভাবে বিতরণ না করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করছিলেন। এতে মতলব উত্তর উপজেলায় তেলের সংকট দেখা দেয়।
এ কর্মকর্তা জানান, খবর পেয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে তাদের আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় দুই ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মতলবের নওরীন ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান এবং পদ্মা ওয়েল কোম্পানির এজেন্ট মক্কা এন্টারপ্রাইজের মালিক মঞ্জুর হোসেন তালুকদার।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।