এক দোকান থেকে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক দোকান থেকে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের অভিযানে স্থানীয় পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজ থেকে এসব তেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, ‌‘অবৈধভাবে তেল মজুতের খবরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেলিম এন্টারপ্রাইজ থেকে ২৬টি ড্রামে মজুত করা তেল জব্দ করা হয়। দোকানির ভাষ্যমতে ২৪টি ড্রামে ২০০ লিটার করে ও বাকি দুটিতে ১০০ লিটার করে তেল আছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’