ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটে জ্বালানি তেলের খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছেন র্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে যে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট এলাকায় বেশ কয়েকটি খুচরা দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রেখে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। এমন খবর পেয়ে র্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় চারটি দোকান থেকে মোট ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল-অকটেন) জব্দ করা হয়। অভিযানকালে অনুমোদনহীন দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯ সিপিসি -১ এর অধিনায়ক নুরনবী বলেন, আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন খুচরা দোকানে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ দোকানদার ও মজুতদারদের বিরুদ্ধে র্যাব এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেছি। আগামী দিনে মজুতদারদের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার করা হবে।