চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৮

চট্টগ্রামে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় এই মিছিল হয়। রাতে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ভিডিওতে দেখা যায়, মিছিলে ৪০–৫০ জনের একটি দল আওয়ামী লীগের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। তাদের বেশির ভাগের মাথায় লাল টুপি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ওসি আব্দুল করিম বলেন, মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে আট জনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।