ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহানারা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মধ্যপাড়ার নিজ বাড়ির পাশেই স্বজনদের উঠানে হামলার শিকার হন। জাহানারা বেগম ওই গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া জানান, নিজেদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে বিষয়টি জানতে পাশের এক চাচার বাড়িতে যান জাহানারা বেগম। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ের তার ওপর ঢিল ছোড়া হয়। এতে তিনি আহত হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান জাহানারা।
নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, পারিবারিক বিরোধ ও কলহের জের ধরে ওই নারীর ওপর আক্রমণ হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। একইসঙ্গে আসামি ধরতে পুলিশ অভিযান চলছে।