কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শনিবার দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
তনুর বাবা ইয়ার হোসেন এই অফিসে অফিস সহকারী পদে কর্মরত রয়েছেন।
সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান বলেন, আমরা বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। তদন্তের প্রয়োজনের আরও অনেককের সঙ্গে কথা বলতে হবে।
এদিকে রোববার সিআইডির ডিআইজি মাহবুব মহসিন কুমিল্লায় যাবেন বলে জানা গেছে। তিনি সেনানিবাসের ঘটনাস্থল ও তনুর পরিবারের সঙ্গে দেখা করবেন সংশ্লিষ্ট সূত্র জানান।
উল্লেখ্য, ২০ মার্চ রাত সাড়ে ১০টায় তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতরে তার বাসার পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
/এইচকে/