তনু হত্যার স্থান পরিদর্শন করলেন সিআইডি’র ডিআইজি

তনু হত্যাকাণ্ডসিআইডি ঢাকার ডিআইজি মাহবুব মহসিন এবং কুমিল্লা সিআইডির একটি সমন্বিত দল কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করেছেন। সমন্বিত দলটি ঘটনা তদন্তে রবিবার ওই স্থান পরিদর্শনে যান। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দলটি সেনানিবাসে এরিয়া কমান্ডার কুমিল্লা ও জিওসি এবং স্টেশন কমান্ডারের সঙ্গে কথা বলেন। দলটি তনুর মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও কথা বলেন। পরে দলটি কুমিল্লা সিআইডির কার্যালয়ে আসেন। সেখানে মাহবুব মহসিনকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে সিআইডির কুমিল্লা অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড.নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সর্বোচ্চ মেধা দিয়ে তদন্ত কাজটি করছি। এই গুরুত্বের কারণেই ডিআইজি স্যার কুমিল্লায় এসেছেন। তদন্তে সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। এ সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। এ সময় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল আজাদ চৌধুরী, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার ও তনু হত্যা মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান আবদুল কাহ্হার আকন্দ, তদন্ত কর্মকর্তা গাজী মো. ইব্রাহীম উপস্থিত ছিলেন।

/বিটি/ এএইচ/