মনোনয়নপত্র ছিনতাই: কুমিল্লার একটি ইউপির নির্বাচন স্থগিত


ইউপি নির্বাচন ২০১৬মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। রবিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে কর্মকর্তাকে মারধর করে ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ৩ প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান (শাহীন জিয়া) ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএইচ নোমান এ ঘটনার নেতৃত্ব দেন। নোমান শাহীন জিয়ার শ্যালক। পরে ওইদিন রাতেই ছাত্রলীগ নেতা নোমানকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এ ঘটনায় গত শুক্রবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নাজির হোসেন মিয়া বাদী হয়ে এমএইচ নোমানকে প্রধান আসামি করে ৪জনের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি জানান, ওই ইউনিয়নে নির্বাচনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন।

/এআর/