ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে বাড়িতে আসার কথা ছিল জিসানের। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তার ফেসবুক ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ আজ রাত ৯টা পর্যন্ত তার কোনও খোঁজ দিতে পারেনি। তার হোয়াটসঅ্যাপ সর্বশেষ অ্যাকটিভ দেখা গেছে রাত ৮টা ২৯ মিনিট পর্যন্ত। কেউই তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। আমাদের ধারণা তাকে অপহরণ করা হয়েছে। আমরা থানায় জিডি করেছি।’
জামায়াতের অঙ্গ সংগঠন দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, ‘জিসান গতকাল ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়েন। তার গ্রামের বাড়ি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ি যাননি। তার খোঁজ পেতে আমরা পুলিশ প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।’
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী বলেন, ‘জিসানের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।’