কক্সবাজারের পাতিলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানেই তিনি একটি সমাবেশে বক্তব্য রাখবেন।
এর আগে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী সস্ত্রীক কক্সবাজারে পৌঁছান। সেখান থেকে সড়কপথে দিনভর নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন সরকারপ্রধান। পর্যটন নগরী কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেই তিনি কার্যক্রমে অংশ নিচ্ছেন।
আর যেসব কর্মসূচি রয়েছে- ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। তারপরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকালে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন।
এরপর মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন এবং সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচি শেষে আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি।
দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পরে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তারেক রহমানের এটিই প্রথম কক্সবাজার সফর।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।