প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে প্রকাশ্যে পিটিয়েছেন মো. সফিক (৩৮) নামের যুবদলের একজন নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা সফিক মোহাম্মদপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। মারধরের শিকার ওই নারীর স্বামী যুবদল নেতার মাছের খামারে কাজ করেন। 

ওই নারীর অভিযোগ করে বলেন, দুই মাস ধরে তার স্বামীর বেতন বকেয়া রেখেছেন যুবদল নেতা। পবিত্র ঈদুল আজহায়ও বেতন না পাওয়ায় তাদের দিন কষ্টে কেটেছে। এরপর থেকে তার স্বামী যুবদল নেতার খামারের কাজে যান না। এ ঘটনায় ওই যুবদল নেতা তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন।

ভুক্তভোগী নারী জানান, ‌আজ সকালে বাড়ির পাশে নদীতে তার স্বামী জাল বসান। অভিযুক্ত যুবদল নেতা সফিক ওই জাল নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় সফিক তার স্বামীকে প্লাস্টিকের পাইপের ভেতরে লোহার রড ঢুকিয়ে বেধড়ক মারধর করেন। এরপর সফিক তার ভগ্নিপতি নূরে মাওলাকে সঙ্গে নিয়ে এসে আবারও তার স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও পেটানো হয়। যুবদল নেতা সফিক তার খামারে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে ওই নারী অভিযোগ করেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা মো. সফিকের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘বিকাল পর্যন্ত এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও দেখে এরই মধ্যে অভিযুক্ত সফিককে ধরতে এলাকায় পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবো।’