প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, চলছে বিয়ের প্রস্তুতি

প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসেছেন জিয়া ঐলী নামের এক যুবক। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন জাহিদ ইসলাম। যে কোনো সময় তাদের বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন তরুণী স্বপ্না আক্তার। ব্যতিক্রমী এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলী নামের ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘদিন অনলাইনে কথা বলার পর প্রিয় মানুষটির সঙ্গে সরাসরি দেখা করতে সোমবার রাতে তিনি উপজেলার নীলনগর গ্রামের স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছেন। পরে তিনি তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেকেই বিদেশি ওই যুবককে এক নজর দেখতে ভিড় করেন।

স্বপ্নার পরিবারের সদস্যরা জানান, চীনা যুবক স্বপ্না আক্তারকে বিয়ে করতে চান। মঙ্গলবার দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করা হবে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি অবগত নন, খোঁজখবর নেওয়া হচ্ছে।