চট্টগ্রামের মীরসরাইয়ে কৃষিজমির পাশে জালে আটকা পড়েছে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। পরে এটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে এটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা। পরে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় কৃষিজমির চারপাশে দেওয়া জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় বলেন, ‘জালে একটি অজগর সাপ আটকা পড়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করি। এটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটি বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহিণ জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়।’
বড়তাকিয়া বনের বিট কর্মকর্তা অরুন রায় বলেন, ‘বন ছেড়ে লোকালয়ে চলে আসে অজগরটি। পরে রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন বলে আমাকে জানিয়েছেন। যেহেতু এখন বর্ষাকাল ধারণা করছি, খাবারের জন্য বন ছেড়ে লোকালয়ে চলে এসেছিল।’