ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে ছাগলের গলায় পাইপ ঢুকিয়ে পানি খাওয়ানোর ঘটনার পর অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় এ ঘটনায় তার সহযোগী মো. শাহাদাতকেও গ্রেফতার করা হয়।
এ সংক্রান্ত একটি ভিডিও গত ২৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়। তবে ভিডিওটি গত কোরবানির ঈদ উপলক্ষে উপজেলার রূপসদী বাজারে পশুর হাটে করা হয়েছিল। ছাগলকে মোটাতাজা করার জন্য পাইপ দিয়ে জোর করে পানি খাওয়ানো হয়েছিল। এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নিষ্ঠুর আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভিডিওটি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নজরে আসলে স্থানীয় পুলিশকে আইনি ব্যবস্থা নিতে বলা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি ছাগলের মুখ চেপে ধরে আছেন। অপর ব্যক্তি প্লাস্টিকের মগ দিয়ে পাইপের মাধ্যমে ছাগলকে জোরপূর্বক পানি খাওয়াচ্ছেন। ভিডিওটিতে একজনকে বলতে শোনা যায়, শিক্ষিত মানুষ ছাগলকে এভাবে কেউ পানি খাওয়ায়। বাড়ি থেকে পানি খাওয়াই আনলে না কেন। এভাবে পানি খাওয়াইয়া ছাগল নিয়ে বাজারে ব্যবসা করতে আসছো।
পুলিশ জানায়, উপজেলার রূপসদী বাজারে কোরবানির পশুর হাটে ছাগলটি নিয়ে এসেছিলেন চাঁন বাদশা নামের ওই ব্যক্তি। তিনি মূলত মোটাতাজা করার জন্য ছাগলটিকে পানি খাওয়াচ্ছিলেন বলে জানিয়েছেন। এটি ছিল তার কেনা ছাগল। মূলত ছাগলটির ওজন বাড়ানোর জন্য এমনটি করেছেন বলে স্বীকার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘প্রাণিসম্পদ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’