বাজারে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারের ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. খোকনকে (৫০) আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় তাকে বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে আটক করা হয়। রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। 

তিনি বলেন, ‘ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত খোকন নিজ এলাকা থেকে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে আটক করা হয়।’ 

ওই নারীর পরিচয় পাওয়া গেছে কিনা এবং মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ওই নারী আমাদের হেফাজতে আছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী। তাই তার কাছ থেকে পরিচয় নেওয়ার মতো অবস্থা নেই। সিআইডির টিমকে আমরা জানিয়েছি। তারা এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের কাজ করবেন। যদি পরিচয় পাওয়া যায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেক্ষেত্রে পরিবারের কেউ মামলা করতে পারেন। এ ছাড়া যদি পরিচয় না পাওয়া যায় তাহলে বাজার কমিটির সভাপতি বা দায়িত্বশীল কেউ মামলার বাদী হবেন। বিষয়গুলো এখনও প্রক্রিয়াধীন আছে।’ 

গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার (০৪ জুলাই) এ ঘটনার ভিডিও ভাইরাল হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে শুয়ে থাকা ওই নারীর কাছে আসে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি। এ সময় চার পাশে বারবার তাকিয়ে দেখছিল আশপাশে কেউ আছে কিনা। এরপর নারীর গায়ে হাত দেয়। এতে নারী বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর সেখান থেকে চলে যাওয়ার সময় বাজারের এক নৈশপ্রহরীর সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মো. খোকন (৫০)। সে বারপাড়া ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে এবং এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত ও একজন চিহ্নিত জুয়াড়ি।