লক্ষ্মীপুরে পোষা পাখি মরে যাওয়ায় কান্না করছিল ছোট ভাই বাবু (১০)। তাকে ধমক দিয়ে থামতে বলেছিল বড় ভাই আল-আমিন (১৪)। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ছুরি এনে বড় ভাইয়ের বুকে আঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (৮ জুলাই) বিকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন একই এলাকার জাফর আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর একটি পোষা পাখি ছিল। সেটি বুধবার সকালে বিড়ালে মেরে ফেলে। এ ঘটনায় বাবু কান্নাকাটি করছিল। তাকে কান্না থামাতে বলায় বড় ভাই আল-আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে তার বুকে আঘাত করে। পরে আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।’
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’