চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি লবণ কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন ১০ জন শ্রমিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

আহতরা হলেন— বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার পোমরা এলাকার উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাট থানার উত্তর নালাপাড়ার মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার চুনতীর সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মোহাম্মদপুর এলাকার জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী পৌরসভার মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর চর খিজিরপুর এলাকার নূর নবী (২৫), পটিয়ার হোলাইন এলাকার মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার শান্তিহাট এলাকার মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের কাঞ্চননগর এলাকার সেলিম উদ্দিন (৩০)। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ১০ জন দগ্ধ হন। তাদের দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছে।