যমজ দুই বোনের জিপিএ-৫: একজন হতে চান প্রকৌশলী, অন্যজন আইনজীবী

চলতি বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের যমজ দুই বোন সামিয়া তাবাসসুম ও সাদিকা তাসকিন।

যমজ দুই বোনের এমন কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে ।

দুই বোনের মধ্যে সামিয়া তাবাসসুম গোল্ডেন জিপিএ-৫, অন্যদিকে সাদিকা তাসকিনও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তারা ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের প্রবাসী প্রকৌশলী দিদারুল আলম স্বপন ও গৃহিণী সৈয়দা সাম্মী আক্তার জুমুর দম্পতির সন্তান।

একই বিভাগ থেকে উত্তীর্ণ হলেও এখন দুই বোনের স্বপ্ন দুই রকম। সামিয়া তাবাসসুম প্রকৌশলী হতে চান। অন্যদিকে সাদিকা তাসকিন ভবিষ্যতে জুডিশিয়াল ক্যাডার অথবা আইনজীবী হয়ে বিচার বিভাগে ক্যারিয়ার গড়তে চান।

এদিকে সামিয়া তাবাসসুম ও সাদিকা তাসকিন জানান, তাদের এ ফলাফলের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে মায়ের সার্বিক পরিচর্যা, পড়াশোনার প্রতি নজরদারি ও নিয়মিত নির্দেশনা তাদের এগিয়ে যেতে সহায়তা করেছে।