চট্টগ্রাম নগরে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তাদের গ্রেফতাতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ছাত্রলীগের কর্মীরা হলেন- মিরাজ, মামুন, অপু দাস, জামশেদ ও জাহিদ হাসান।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, প্রবর্তক মোড় এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ব্যানারে ‘১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে শোক র্যালি’ লেখা ছিল। ব্যানারের নিচে ‘সৌজন্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগ’ লেখা রয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মিছিলের প্রস্তুতির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামশেদের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। জামশেদকে কে বা কারা এ কর্মসূচির জন্য পাঠিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।