কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের কুমিল্লামুখী লেনের পেন্নাই ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কুমিল্লামুখী লেনের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর বাসটি কুমিল্লামুখী লেনের একাংশজুড়ে উল্টে থাকায় ওই লেনে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে। তবে বাসটির পাশ দিয়ে লেনের এক পাশ হয়ে যানবাহন চলাচল করতে থাকে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি না হলেও দুর্ঘটনাস্থলের অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করে।
দুর্ঘটনার পর দাউদকান্দি ফায়ার সার্ভিস, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ, গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাত জন বাড়ি ফিরে যান। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল আরও স্বাভাবিক হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেছি। বাসটি মহাসড়কের এক পাশে উল্টে থাকায় ওই অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল। পরে পুলিশের রেকারের মাধ্যমে বাসটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানো প্রয়োজন।’
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হননি। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।’