চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, “জামায়াত যদি বেশি বাড়াবাড়ি করে, তাদের অবস্থা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের মতো হবে।”
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মীরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মীরসরাই কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন।
সমাবেশে নুরুল আমিন বলেন, ‘শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র হরণ করেছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক ছাউনি থেকে বের হয়ে এ দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তিনিই ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি সামরিক বাহিনী থেকে ক্ষমতায় এসে সব দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।’
সমাবেশে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নুরুল আমিন এমপি নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।