ব্রাহ্মণবাড়িয়ায় মালিকের কাছ থেকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছেন মো. উজ্জ্বল মিয়া নামের এক ব্যক্তি। পরে উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর-২ নম্বর সেক্টর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত রবিবার একটি প্রতারণার মামলায় উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার উজ্জ্বল শহরের কাউতুলি এলাকার জিল্লু মিয়ার ছেলে। পরে গাড়ি আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্যের ভিত্তিতে গাড়িটি রাজধানীর মীরপুর থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাড়ির মালিক প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক বলেন, ‘২০২৩ সালে মাসিক ৮২ হাজার টাকা চুক্তিতে নোহা মডেলের একটি মাইক্রোবাস উজ্জ্বল আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল। এর মধ্যে ৫২ হাজার টাকার ব্যাংক কিস্তি পরিশোধ ও ভাড়া বাবদ ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে গাড়িটি ভাড়া নেয়। এরপর প্রথম ২০ কিস্তি ব্যাংকের লোন পরিশোধ করলেও ভাড়ার কোনও টাকা দেয়নি। গত ১১ মাস ধরে যোগাযোগ বন্ধ করে দেয়। একপর্যায়ে গাড়ি নেওয়ার কথা অস্বীকার করে উজ্জ্বল। এ অবস্থায় গত ২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় উজ্জ্বল মিয়াকে আসামি করে একটি মামলা করেছি।’
ওসি শহীদুল ইসলাম বলেন, ‘মালিকের সঙ্গে প্রতারণা করে গাড়িটি অন্যত্র বিক্রির অভিযোগে উজ্জ্বলের বিরুদ্ধে মামলাটি হয়। পরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়িটি বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যে গাড়িটি উদ্ধার করা হয়।’