ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ দেখা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কর্নেলবাজার এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
স্থানীয়দের অভিযোগ, তার ফেসবুক অ্যাকাউন্টে মহানবীকে নিয়ে কয়েকটি কটূক্তিমূলক পোস্ট দেখতে পান। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেন।
এদিকে, ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি পোস্ট ও মন্তব্য করছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।