স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার

ফেনীর দাগনভূঞায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জের রাশেদ ওরফে রাজ (১৯), লক্ষ্মীপুরের রামগতির জাকির হোসেন (২১), ফেনী সদর উপজেলার শাহিন উদ্দিন মুন্না (২৯), সোনাগাজীর দেলোয়ার হোসেন (২৪), দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের শাহেদুল ইসলাম শাহিন (১৯) এবং দাগনভূঞার উত্তর করিমপুরের শাহরিয়ার নোমান (১৯)।

দাগনভূঞা থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়। মামলায় ছয় জনকে আসামি করা হয়। এ ছাড়ায় অজ্ঞানামা কয়েকজনকে আসামি করা হয়। এরপর ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় এবং দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের তত্ত্বাবধানে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করা হয়।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, ‘মামলার ছয় আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’