জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘কেউ কেউ আমাদের প্রশ্ন করছে কেন লংমার্চ করছি আমরা? আমরা স্পষ্ট ভাষায় তাদের বলতে চাই, বাংলাদেশের মানুষ যে পরিবর্তন ও সংস্কারের প্রত্যাশায় ভোট দিয়েছিল, সেই সংস্কার বাস্তবায়নের জন্যই আমরা লংমার্চ করছি।’
শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে এ কথা বলেন তিনি।
১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবি না মানলে এক দফা ঘোষণার হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি ছয় দফা মানতে সরকার ব্যর্থ হয়, তাহলে কী হবে? এক দফায় রূপান্তরিত হবে। ২০২৪ সালেও নয় দফা এক দফায় রূপান্তরিত হয়েছিল। সেই সময় লংমার্চে সবাই ঢাকায় গিয়েছিলেন। এবারও ছয় দফা দাবি এক দফায় রূপান্তরিত হলে তার পরিণতি কী হবে, সেই সিদ্ধান্ত আমরা নেবো না। সেই সিদ্ধান্ত নেবে শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা।’
তিনি বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা-গুম করা হয়েছে। তাদের হত্যার বিচার নিশ্চিত করার দাবিতেও আমরা এই লংমার্চ করছি।’
বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, ‘আপনাদের সন্তান যখন পড়তে বসে বিদ্যুৎ পায় না, সেই বিদ্যুতের দাবি নিয়ে আমরা লংমার্চ করছি। রান্নাঘরে গিয়ে গ্যাসের চাবি ঘোরানোর পরও গ্যাস পান না, সেই কষ্ট লাঘবের জন্যই আমরা লংমার্চে অংশ নিয়েছি।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির ভাইদের বলছি, আমরা যদি আপনাদের জন্যই লড়াই করি, তাহলে আপনাদের ঘরে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, দলের দায়িত্বে আছেন; তাদের জিজ্ঞাসা করবেন, কেন তারা জনগণের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? কেন অযথা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন?’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবে, সেই বিচারের দাবি নিয়েই আমরা লংমার্চে এসেছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা ছয় দফা দাবি বুঝে নিতে চাই। না মানলে এটি এক দফায় রূপ নেবে।’