বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে একটি মাইক্রোবাসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। 

নিহত হলেন নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭)। তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না। তারা সবাই কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা। সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। এ ঘটনায় আহত ৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ে হয়। সেই বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে তার পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। এ সময় পথে দুর্ঘটনাটি ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘শনিবার রাত ২টার দিকে কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অনেকে আহত হন। আহতদের চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে নেন।