কক্সবাজারের টেকনাফে সাঁড়াশি অভিযান চালিয়ে মানবপাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় পাচারের উদ্দেশে অপহৃত ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার এবং দুই মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন থেকে শাহরিয়া নোমান নাঈম (১৬) নামের এক কিশোরকে পাচারের উদ্দেশে ফুঁসলিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় নিয়ে একটি মানবপাচারকারীর আস্তানায় আটকে রাখা হয়। খবর পেয়ে এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে উদ্ধার করে।
এ সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুই মানবপাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই জনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের বেশ কয়েকটি আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ও টেকনাফ ২ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মানবপাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, আবারও মানবপাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে। এর অংশ হিসেবে আমরা যৌথ অভিযানে দুই দালাল আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় এক অপহৃত কিশোরকেও উদ্ধার করেছি। এ অপরাধ রোধে আমরা সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। মানব পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।