কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ আগামীকাল রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হত্যার বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অপ্রতিমের মরদেহ কুমিল্লার গন্ধমতিতে তার নিজ বাড়িতে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
উপাচার্য বলেন, ‘এটি একটি অস্বাভাবিক মৃত্যু। আপনারা জানেন, অপ্রতিম গতকাল (শুক্রবার) থেকে নিখোঁজ ছিল। আজ দুপুরের পর তার লাশ পাওয়া যায়। দুজন সন্দেহভাজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আগামীকাল সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।’ তিনি নিহত অপ্রতিমের জানাজায় সবাইকে অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনার আহ্বান জানান।
এদিকে অপ্রতিমের হত্যার বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে জানাজা শেষে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তারা এ কর্মসূচির কথা জানান।
শিক্ষার্থীদের পোস্টে বলা হয়, রবিবার সকাল ১০টায় অপ্রতিমের জানাজার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরবর্তী কর্মসূচি বিক্ষোভ মিছিল থেকেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবিরও ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পোস্টে তিনি বলেন, ‘আগামীকাল ক্লাস বর্জনকে সাধুবাদ জানাই। ক্লাস বর্জন হলেও সবাইকে ক্যাম্পাসে আসার অনুরোধ। সকল কুবিয়ানদের প্রতি অনুরোধ, ক্যাম্পাসে আসুন। আজকে আমরা চুপ হয়ে থাকলে আগামীকাল আমি, আপনি বা অন্য কেউ ভিকটিম। নিজেদের অধিকার আদায়ের প্রতিবাদে সামিল হোন। আগামীকাল সকাল ১০টায় জানাজা-পরবর্তী বিক্ষোভে অংশ নেওয়ার অনুরোধ।’
এর আগে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ে ‘সাধারণ শোক’ ঘোষণা করেছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।