চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ সংক্রান্ত ও ড. সায়েমকে অব্যাহতি প্রদানের প্রজ্ঞাপনকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশ নিয়েছেন।
মানববন্ধনে তারা ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’, ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি মানববন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি পাঠ করেন শিক্ষার্থীরা।
চুয়েট পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, ‘সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি, সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।’
এ ছাড়াও বুধবার শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও আজ অব্যাহত রয়েছে। এদিকে শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল হওয়ার কথা রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়ে তাদের ব্যক্তিগত কোনও আপত্তি নেই। তাদের আপত্তি হলো, কোনও দৃশ্যমান কারণ বা ব্যাখ্যা ছাড়াই দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল করেন। পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এরপর জরুরি সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে চুয়েটে সর্বাত্মক শাটডাউন ও গণঅবস্থান কর্মসূচি শুরু হয়।