চট্টগ্রামের মীরসরাই বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘নাছির কারখানা’ নামে একটি ক্যামিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মীরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে কারখানায় ক্যামিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা হ্লা মারমা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
এদিকে, কারখানায় আগুন লাগার পর নাছির কারখানার কর্মকর্তারা ঘটনাস্থল থেকে সরে যান। ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।