ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলিতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের কাউতলি রেলসেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিনা বেগম (৩৫) ও তার ছেলে জিলান (৮)। তাদের বাড়ি কসবা উপজেলার সোনারগাঁও গ্রামে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে রেললাইনে ট্রেনে কাটা পড়া দুজনের মরদেহ পড়ে থাকার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, সকালে ঢাকা অভিমুখী ডেমু ট্রেনের নিচে কাটা পড়েন তারা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। তবে কিভাবে তারা ট্রেনে কাটা পড়ছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
/এনএস/এসটি/