এসপি বললেন ‘কেউ চাপ দিলে আমি নাম বলে দেবো’

কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে কোনও ধরনের চাপ নেই বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তিনি বলেছেন, ‘কেউ চাপ দিলে, আমি নাম প্রকাশ করে দেবো’।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাগরিক সেবা সহজ করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও সেবায় জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি চালু করেছে কুমিল্লা সিটি করপোরেশন।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘অভিযানে কোনও ধরনের চাপ নাই। আজ পর্যন্ত আমাকে কেউই ফোন দেননি। সবাই সাধুবাদ জানিয়েছেন।’ 
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ চাপ দিলে, আমি আপনাদের সামনে নাম প্রকাশ করে দেবো।’
 
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশের পক্ষ থেকে কিশোরদের আটকের পর হয়রানি বা কোনও সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার প্রমাণ পেলে ওই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এক ফোঁটাও ছাড় নেই।’
 
যেসব শিক্ষার্থী বা কিশোর অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যাচাই-বাছাই করে অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে বলে দাবি করেন পুলিশ সুপার। তিনি বলেন, ‘অভিভাবকদের বলা হচ্ছে, সন্ধ্যার পর সন্তানদের বাইরে না রাখতে।’
 
এসপি আনিসুজ্জামান বলেন, ‘কিশোর গ্যাংয়ের বিষয়ে আমরা ছাড় দেবো না। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
 
সাংবাদিকদের তিনি বলেন, ‘অপ্রতিম হত্যা মামলার পরে আমরা টোটাল কিশোর গ্যাংয়ের একটি তালিকা করার কাজ করছি। তালিকা করার পর আমরা গত ২৩ সেপ্টেম্বর অভিযান করেছি পুরো কুমিল্লা জেলার ১৮টি থানায়।’
 
পুলিশের তথ্যমতে, গত তিন দিনে জেলার ১৮ থানায় অভিযান চালিয়ে গ্যাং লিডারসহ মোট ১,২৯৪ জনকে আটক করা হয়েছে।