শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান

সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সহ্যসীমা ক্রমেই অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি বলেছেন, ‘ধৈর্যের সীমা পেরিয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়।’ 

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ অংশ হিসেবে স্থানীয় বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাদিয়া পাঠান বলেন, ‘বিএনপি রুমিন ফারহানাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করে রাজনৈতিক পরিচিতি দিয়েছিল। কিন্তু এখন তিনি দলের প্রতি চরম অকৃতজ্ঞতা প্রকাশ করছেন। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা ও দলীয় বক্তব্য রুমিন ফারহানাকে লিখে দেওয়া হতো এবং তিনি শুধু সেগুলো জনগণের সামনে তুলে ধরতেন।’

তিনি আরও বলেন, ‘উনি প্রায়ই বলেন, “বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে।” আরে ভাই, আপনার নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার নাম জপতে হয় কেন? নিজের যোগ্যতায় বড় হতে হয়।’

শেখ হাসিনার সঙ্গে রুমিন ফারহানার আচরণের মিল রয়েছে মন্তব্য করে নাদিয়া বলেন, ‘শেখ হাসিনা যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবান্তর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন, বর্তমানে যেন সেই দায়িত্বই রুমিন ফারহানা নিজের কাঁধে তুলে নিয়েছেন।’

তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার সাম্প্রতিক একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে নাদিয়া পাঠান বলেন, ‘তারেক রহমান অপুষ্টিতে ভুগছেন—এমন অবাস্তব ও জ্ঞানশূন্য কথা উনি কীভাবে বলেন? উনি কি উনার (তারেক রহমান) ব্যক্তিগত চিকিৎসক?’

নাদিয়া পাঠান পাপন বিএনপির মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।