শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নাম ভাঙিয়ে ভিসা প্রসেসিংয়ে টাকা দাবির অডিও ভাইরালের পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফারুক হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উপ-দফতর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কারের চিঠিতে বলা হয়, ‘আপনার (লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইন) বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশক্রমে আপনাকে সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে ‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে ভিসা প্রসেসিংয়ে টাকা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইনের বলে দাবি করা হয়। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক পারমিট ও ভিসার ব্যবস্থা, পুলিশ ক্লিয়ারেন্স এবং বিএমইটি-সংক্রান্ত কাজের কথা বলতে শোনা যায় ফারুককে। এসব খরচ বাবদ আপাতত পাঁচ লাখ টাকা প্রয়োজন বলেও জানান ফারুক। বাকি টাকা এক-দুই মাস পর দেওয়া যাবে বলেও বলা হয়। ভাইরাল অডিওতে কয়েকবার ‘বাবা’ সম্বোধন করে টাকা চাওয়ার কথা শোনা যায়।
অভিযোগের বিষয়ে ফারুক হোসাইন বলেন, ‘লক্ষ্মীপুরের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলায় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভাইরাল হওয়া অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমার এলাকার সাকিব নামে একজন আমাকে তার পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য বলেছিল। আমি তাকে বলেছিলাম পাঁচ হাজার টাকা খরচ হবে। আমার মনে হয়, ওই পাঁচ হাজার টাকার কথাকে এআই প্রযুক্তি ব্যবহার করে পাঁচ লাখ টাকা বানানো হয়েছে।’
এ বিষয়ে সাকিব বলেন, ‘আমার কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছিল। পাঁচ লাখ টাকা চাওয়ার কোনও বিষয় নেই। এ ছাড়া অডিও রেকর্ডের অপর প্রান্তে তো কারও ভয়েস নেই।’
এরই মধ্যে ‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—এমন হেডিংয়ের একটি কার্ড নিজের ফেসবুকে শেয়ার করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে বলা হয়েছে।’