অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের মীরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আড়াইটার দিকে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢোকে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে তারা আলমারি ও নারীদের পরনে থাকা স্বর্ণালংকার লুট করে। লুট হওয়া স্বর্ণালংকারের পরিমাণ ৫ ভরি ৮ আনা।

এ ছাড়া ডাকাতেরা দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, একটি বাটন মুঠোফোন, সিসি ক্যামেরার মনিটর ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান তিনি।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওসি ফরিদা ইয়াসমিনসহ তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনও মামলা হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মতিন উল্লাহ।