ভোক্তা অধিদফতর গিয়ে দেখলো পচা ডিম দিয়ে খাবার বানায় এশিয়া বেকারি

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে খাদ্য তৈরি করার দায়ে এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের ভাদুঘর এলহামপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে ইফতেখারুল আলম রিজভী বলেন, ‌‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ভাদুঘর এলহামপাড়ায় এশিয়া বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় বেকারির মালিক আলী আজগর পচা ডিম দিয়ে বেকারির খাদ্য তৈরি করছেন। বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করা হয়। পরে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারি পণ্যে ব্যবহার করা হয়।’

তিনি বলেন, ‘হাতেনাতে ধরা পড়ায় এবং পচা ডিম দিয়ে খাদ্য তৈরির কথা স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় বেকারির মালিক আলী আজগরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা দিয়েছেন মালিক। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’