কুমিল্লায় স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কথিত প্রেমিক হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। স্কুলছাত্রীকে কক্সবাজারে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক আইনজীবীর করা আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের এএসপি (অপারেশন অ্যান্ড ক্রাইম) অহিদুর রহমান।
তিনি জানান, স্কুলছাত্রীকে কক্সবাজারে নিয়ে যাওয়া ও সেখানে ধর্ষণের অভিযোগ আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরীর আদালতে রাজুর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ রাশেদ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অভিযোগে বলা হয়, রাজু স্কুলছাত্রীকে কক্সবাজারে নিয়ে এসেছিলেন এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগীর বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
আইনজীবী মোহাম্মদ রাশেদ বলেন, রাজু স্কুলছাত্রীকে কক্সবাজারে না আনলে কুমিল্লায় যাওয়ার পথে তার সঙ্গে এমন ঘটনা ঘটতো না। তার অভিযোগ, মিথ্যা পরিচয় ও ভালোবাসার অভিনয়ের মাধ্যমে স্কুলছাত্রীকে কক্সবাজারে নিয়ে ধর্ষণ করেন রাজু। ঘটনাটি তাকে ব্যথিত করেছে। বিবেকের তাড়না থেকেই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।
স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা তদন্তের মধ্যেই রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এ মামলা হলো। এর আগে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লুলুয়া রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী হত্যা মামলায় রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার থেকে কুমিল্লায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজারে আসে। তবে রাজুকে হস্তান্তর ও কুমিল্লায় নেওয়ার বিষয়ে আইনি জটিলতা দেখা দেয়। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজু নিজেকে হোটেল মালিকের ছেলে পরিচয় দিয়ে স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরে তাকে প্রলুব্ধ করে কক্সবাজারে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানক্ষেতের আইল থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সিএনজিচালক সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।