নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার

নিজের মালিকানাধীন রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জেলা শহরের শিশুপার্ক সংলগ্ন শৈক্যচিং মার্মার নিজ মালিকানাধীন ‘সাইনি রিসোর্ট’ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পর শনিবার (১৭ অক্টোবর) বিকালে তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি।

পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, শৈক্যচিং মার্মা ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলে নিজের ওই রিসোর্টে নিয়ে যেতেন। ভুক্তভোগী নারী ৫ বছর আগে তালাকপ্রাপ্ত হন এবং শৈক্যচিং মার্মা সম্পর্কে তার দূরসম্পর্কের দেবর হন। অভিযোগ অনুযায়ী, শুক্রবারও তাকে সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয়। একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে ভুক্তভোগীর চেঁচামেচির শব্দ শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা বাইরে জড়ো হন। পরে স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে আটক করে।

আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে শৈক্যচিং মার্মা অভিযোগ অস্বীকার করে বলেছেন, টাকা আদায়ের উদ্দেশ্যে তাকে ব্ল্যাকমেইল করেছেন ওই নারী। তিনি ষড়যন্ত্রের শিকার।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, ‌‘এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে শুক্রবার রাতে বান্দরবান সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। মামলায় উল্লেখ করা হয় বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ মাস ধরে রিসোর্টটিতে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। আজ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 

এদিকে এ ঘটনায় দলের ভেতরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জেলা এনসিপির নেতারা জানিয়েছেন। আজ বিকালে তাকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল। এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষ‌রিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হ‌য়ে‌ছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে এনসিপির বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক এই অব্যাহতি দেওয়া হলো।

একইসঙ্গে কেন আপনাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে ব‌লেও চিঠিতে উল্লেখ করা হয়।