টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার

কক্সবাজারের মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে। এ মামলায় রিসোর্ট মালিক তানভীর ও ম্যানেজার সুমনসহ কয়েকজন আসামি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উখিয়া থানা পুলিশের একজন উপ-পরিদর্শক মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

তিনি জানান, শনিবার বিকালে আটক হওয়া টুপটুপ রিসোর্টের ম্যানেজার সুমনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া জেলা প্রশাসনের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও রহস্য উন্মোচনে কাজ করছে।

উল্লেখ্য, শনিবার সকালে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ১০ জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তি ও পরিচয় শনাক্তকরণ নিয়ে বিভ্রান্তি দূর করতে ডিএনএ পরীক্ষা করা হবে। এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে।

কক্সবাজারে ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারে কর্মরত সিআইডির বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে স্থানীয়ভাবে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এভাবে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে মরদেহগুলোর পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক তানভীরের খোঁজ পাওয়া যায়নি।