বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকার ‘মা জননী স্টোরে’র সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক বিজিবি সদস্য হলেন- তামিম রানা (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
তামিম রানা বর্তমানে ৪৫ ব্যাটালিয়ন বিজিবি হেডকোয়ার্টার্স, রাঙামাটির বরকল বিওপিতে সিপাহী হিসেবে কর্মরত বলে জানা গেছে।
​
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই সামছুল হক, এএসআই ওমর ফারুক ও এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আখাউড়া-মোগড়া বাজারগামী সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেবগ্রাম নয়াবাজার এলাকায় তামিম রানাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিজিবি আইডি কার্ড এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।