টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে গরুর ঘাস কাটার বিরোধ নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ করেছে দুই পক্ষের লোকজন। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত কমপক্ষে দুই ঘণ্টা এই সংঘর্ষ চলে। এ সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সরাইল বড্ডা পাড়া গ্রামের আলমগীর মিয়া মঙ্গলবার সকালে একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটা নিয়ে একই গ্রামের ফারুক ও হুমায়ুনের সঙ্গে আলমগীরের বাগবিতণ্ডা হয়। এই বিরোধের জেরে সন্ধ্যার দিকে একই গ্রামের দুটি পক্ষ দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ান। এতে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষ চলাকালে সারাইল সদর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর জব্বারসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কমপক্ষে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে সবধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনা সম্পর্কে সরালই থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ঘটনা খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই রাত ৯টা থেকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।