মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে চার সহযোগীসহ আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল। তার নাম অনিক দাশ। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইন্সে কর্মরত। বর্তমানে ছুটিতে রয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) নগরের খুলশী এলাকা থেকে তাদের আটক করে খুলশী থানা-পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, বান্দরবানের এক পুলিশ কনস্টেবল ও চার সহযোগীকে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে জানিয়ে খুলশী থানার ওসি কামরুজ্জামান বলেন, চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবলসহ বাকিদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটির সঙ্গে ওই পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, চট্টগ্রাম শহরে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবল আটক হয়েছেন। এ ঘটনায় নিয়মিত মামলা করা হচ্ছে। মামলার কাগজপত্র পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।