বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুরের সৌরভ ও আসিফ। তবে আসিফের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদিকে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় রংপুর থেকে সিলেটগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।