মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনেও মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রুমিন ফারহানার এ সংক্রান্ত একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ানোর ঘটনায় পুলিশের করা সাধারণ ডায়েরির (জিডি) খবর ছড়ানোর পর রুমিন ফারহানা এমন বক্তব্য দিলেন।

লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, সরাইল থানার ওসির বিরুদ্ধে গত ২৩ অক্টোবর জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান রেখে তিনি অপেক্ষা করছেন, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সরাইল থানা ভবনে ওসির সঙ্গে অনিয়ম-দুর্নীতি ও দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার জেরে বাদানুবাদে জড়ান রুমিন ফারহানা। এ ছাড়া রুমিন ফারহানার সঙ্গে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। ওসি ঘুষ নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলে উল্লেখ করেন।

এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে রুমিন ফারহানা ওসি মনজুর কাদের ভূঁইয়াকে বলেন, আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক সেটা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই'। পরে ওসি এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি'র বাদানুবাদের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।