হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন নীরবকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (২৫ অক্টোবর) রাতে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এ সময় জুয়েলকে চেয়ার ছুড়ে মারা হয়। পাশাপাশি কিল-ঘুষি ও লাথি মেরে তাকে আহত করা হয়।

জুয়েল হোসেন নীরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, এর আগে মুঠোফোন কেনাবেচা নিয়ে শাহেদ ও জুয়েলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরেই হাসপাতালে জুয়েলকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনা দুঃখজনক। মারধরের দৃশ্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। হাসপাতালের ভেতরে সংঘর্ষ বা মারধরের ঘটনা ঘটলে কিংবা এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।