নলকূপ বসানোর পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ শুরু করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ছোট ইনানী এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর ফায়ার টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে গ্যাসের সঙ্গে আগুনের তীব্রতা বেশি বলে জানা গেছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ছোট ইনানী এলাকায় আব্দুল্লাহ নামের এক ব্যক্তির বাড়ির আঙিনায় একটি গভীর নলকূপ বসানোর জন্য মাটিতে বোরিং করা হচ্ছিল। মঙ্গলবার সকালে ওই স্থান থেকে গ্যাসের সঙ্গে আগুন জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তাদের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। পরে সেনাবাহিনীর ফায়ার টিম সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।