জামায়াতের এক আমির ও নায়েবে আমিরের পদ বাতিল

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় মহানগরের আমির ও নায়েবে আমিরের পদ বাতিল করা হয়েছে। তারা হলেন- জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদুল হক মামুন।

রবিবার (১ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক আবদুল হালিম।

তিনি বলেন, ‌‘জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর সাবেক আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা মহানগরীর সাবেক নায়েবে আমির ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) একেএম এমদাদুল হক মামুনের সদস্য পদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে।’ 

তিনি জানিয়েছেন, গত ১৪ অক্টোবর কুমিল্লা নগরীর মোঘলটুলি এলাকার ফারুকী হাউজে কুমিল্লা মহানগরীর দলীয় কার্যালয়ে সভা চলাকালীন সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৬ অক্টোবর জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনাক্রমে নির্বাহী পরিষদ তাদের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে। তবে তা আজ প্রকাশ্যে এসেছে।

এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।