চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাড়ি থেকে একটি এলজি, ছোরা ও রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালত পাঠানো হয়েছে।
গ্রেফতার নওশাদ আলম শাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালি এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
এলাকায় অভিযান চালিয়ে নওশাদ আলমকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, অস্ত্রসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনও অস্ত্রধারীর জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।